নিরাপত্তা শঙ্কার হাজারটা কারণ ছিল, আইসিসি বাড়তি নিশ্চয়তা দেয়নি: ফারুক আহমেদ

প্রকাশ :
সংশোধিত :

ভারতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশে নেই কোনো উত্তাপ। নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ দল এবার ভারতে খেলতে না যাওয়ায় টাইগারদের ছাড়াই শুরু হয়েছে এই বিশ্ব আসর। বাংলাদেশের পরিবর্তে টুর্নামেন্টে যুক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে।
রোববার (৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি ফারুক আহমেদ দলের বিশ্বকাপে অংশ না নেওয়ার কারণ এবং আইসিসির ভূমিকা নিয়ে বিস্তারিত কথা বলেছেন।
ফারুক আহমেদ বলেন, “বিশ্বকাপে আমরা যেতে পারিনি নিরাপত্তাজনিত কারণে। এর পেছনে হাজারটা কারণ ছিল। আইসিসি এমন কিছু করেনি, যাতে আমাদের যাওয়া উচিত। বিশেষ করে, প্রচলিত মানসম্মত নিরাপত্তা প্রটোকলের বাইরে নতুন কোনো নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হয়নি।”
বিসিবি ও আইসিসির মধ্যে একাধিকবার বৈঠক হলেও বাংলাদেশের নিরাপত্তার বিষয়ে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন তিনি।
বিসিবির এই শীর্ষ কর্তা জানান, দলের না যাওয়ার বিষয়টি মূলত সরকারি সিদ্ধান্তের অংশ ছিল। তিনি বলেন, “সরকার যদি আপনাকে জিও না দেয়, আপনি যেতে পারবেন না। এটা সরকারের একটি সিদ্ধান্ত ছিল, যা ক্রিকেট বোর্ড সমর্থন করেছে।”
সম্ভাব্য ঝুঁকির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “আমাদের কোনো খেলোয়াড়, দর্শক, সাংবাদিক কিংবা কর্মকর্তার যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে—সেটার সম্ভাবনা ছিল প্রচুর। আমরা একাধিকবার আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছি। কিন্তু মানসম্মত নতুন পরিকল্পনা তারা আমাদের দিতে পারেনি।”
একজন সাবেক ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে দেশের না থাকাটা তাকেও ব্যথিত করেছে বলে জানান ফারুক আহমেদ। তবে আন্তর্জাতিক অঙ্গন থেকে সমর্থন পাওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি।
ফারুক আহমেদ বলেন, “পাকিস্তান আমাদের পাশে ছিল। পরবর্তীতে আপনারা দেখেছেন প্রচুর সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার বলেছেন যে, আসলে বাংলাদেশকে এই বিশ্বকাপ থেকে বঞ্চিত করাটা ঠিক হয়নি।”


For all latest news, follow The Financial Express Google News channel.